ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কথা বলা এখনও এত কঠিন কেন?
একটি স্বাস্থ্যগত সমস্যা যখন এতটাই বিব্রতকর হয়ে ওঠে যে, সেটির নাম নিতেও মানুষ সংকোচ বোধ করে—তখন কী হয়?
অনেক পুরুষের জন্য ইরেকটাইল ডিসফাংশন(ED) শুধু যৌনস্বাস্থ্যের একটি সমস্যা নয়; এটি হয়ে উঠতে পারে লজ্জা, উদ্বেগ ও নীরবতার কারণ। এমন সমাজে, যেখানে যৌন সক্ষমতাকে প্রায়ই পুরুষত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়, সেখানে সাহায্য চাওয়াও কঠিন মনে হতে পারে। কিন্তু ইরেকটাইল ডিসফাংশন কোনো পুরুষত্বের মাপকাঠি নয়; এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যগত সমস্যা।
ইরেকটাইল ডিসফাংশন বলতে যৌন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দৃঢ়তা অর্জন করা বা তা ধরে রাখার সমস্যাকে বোঝায়। মাঝে মাঝে ইরেকসানে সমস্যা হওয়া স্বাভাবিক এবং এর অর্থ এই নয় যে কারও ইরেকটাইল ডিসফাংশন রয়েছে। তবে সমস্যাটি যদি নিয়মিত হতে থাকে এবং মানসিকভাবে অস্বস্তি বা উদ্বেগ তৈরি করে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইরেকটাইল ডিসফাংশন শুধু যৌন সক্ষমতার সমস্যা নয়। ইরেসান তৈরি হওয়ার জন্য মস্তিষ্ক, হরমোন, স্নায়ু, পেশি এবং রক্তনালির সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। এসব ব্যবস্থার যেকোনো একটিতে সমস্যা হলে ইরেকটাইল ডিসফাংশন(ED) হতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, উচ্চ কোলেস্টেরল ও স্থূলতা তার পাশাপাশি ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং কিছু ওষুধ ও শারীরিক আঘাতও এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। আবার মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা ও সম্পর্কের সমস্যাও (ED) এর কারণ হতে পারে বা সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। অনেক সময় শারীরিক ও মানসিক—দুই ধরনের সমস্যায় একসঙ্গে কাজ করে।
তাই ইরেকটাইল ডিসফাংশন শুধু “বয়স বাড়ার স্বাভাবিক অংশ” হিসেবে দেখার সুযোগ নেই। বয়স বাড়ার সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন এর ঝুঁকি বাড়তে পারে কিন্তু বয়স বাড়া নিজে থেকেই ইরেকটাইল ডিসফাংশনের কারণ হতে পারে না। কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ইরেকসানের সমস্যা হৃদ্রোগের মতো অন্য কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে পারে। তাই মূল কারণ শনাক্ত করে চিকিৎসা নেওয়া শুধু যৌনস্বাস্থ্যের জন্য নয়, সামগ্রিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।
তারপরও লজ্জা ও সামাজিক অবস্থান অনেক পুরুষকে চিকিৎসকের কাছে যেতে বাধা দেয়। সমালোচনার ভয়, ভুল তথ্য এবং নিজেকে যৌনভাবে সক্ষম প্রমাণ করার সামাজিক চাপের কারণে কেউ কেউ সমস্যাটি নিয়ে নীরব থাকেন বা যাচাই না করা অনিরাপদ ওষুধ-সাপ্লিমেন্টের ওপর নির্ভর করেন।
ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কথা বলা লজ্জার বিষয় হওয়া উচিত নয়। একজন স্বাস্থ্যকর্মী শারীরিক ও মানসিক সম্ভাব্য কারণগুলো মূল্যায়ন করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন। সমস্যা অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন, অন্তর্নিহিত রোগের চিকিৎসা, কাউন্সেলিং, চিকিৎসকের পরামর্শে ওষুধ বা অন্যান্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো নির্ধারিত ওষুধ বন্ধ বা পরিবর্তন করা উচিত নয়।
যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য জানা এবং প্রয়োজনের সময় চিকিৎসা ও সহায়তা পাওয়া সবার অধিকার। ইরেকটাইল ডিসফাংশন নিয়ে লজ্জা বা ভয় নয় বরং খোলামেলা আলোচনা ও সঠিক তথ্যই পারে পুরুষদের সময়মতো চিকিৎসা নিতে উৎসাহিত করতে। পুরুষের যৌনস্বাস্থ্য নিয়েও তাই আরও স্বাভাবিকভাবে কথা বলা প্রয়োজন।
